ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে নাটোরের সিংড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে পরিবেশবাদী সংগঠন ‘সিংড়া পরিবেশ ও প্রকৃতি আন্দোলন’।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার ডাহিয়া বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরিযায়ী পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা, পাখি শিকার বন্ধ এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিংড়া পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকী, সহ-সভাপতি মাওলানা আতিকুর রহমান সাদী, মুফতি জাকারিয়া মাসউদ, সাংগঠনিক সম্পাদক কাওসার আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পরিযায়ী পাখি প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আবাসস্থল ধ্বংস, নির্বিচারে পাখি শিকার ও মানুষের অসচেতনতার কারণে এসব পাখি নানা হুমকির মুখে পড়ছে। পরিযায়ী পাখি রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, পাখির আবাসস্থল সংরক্ষণ এবং পাখি শিকার বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।



