ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : গভীর রাতে জানালা ভেঙে ঘরে ঢুকে এক বৃদ্ধার এক ভরি ৬ আনা স্বর্ণালংকার ও মুঠোফোন চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ অক্টোবর) দিনগত রাতে নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের কোমাড়পুর সোনারপাড়া নামক গ্রামে এ ঘটনাটি ঘটে।
বালুভরা ইউনিয়নের কোমাড়পুর গ্রামের মৃত আব্দুল সামাদের স্ত্রী নিলুফা আক্তারের বাড়ীতে মধ্যরাতে চুরি হয়।
চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে একটি সোনার চেন, এক জোড়া হাতের বালা, একটি আংটি, দুইটি কানের দুল ও একটি নোকিয়া বাটন মুঠোফোন। চুরি যাওয়া স্বর্ণালংকার প্রায় ১ ভরি ৬ আনা। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে প্রতিদিনের মতো খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন নিলুফা আক্তার। রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ ঘুম ভাঙলে তিনি দেখতে পান, জানালার লোহার অংশ ও কাঠের পাল্লা ভেঙে স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
নিলুফা আক্তার জানান, মধ্যরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে ঘরের ভিতরের আসবাবপত্র ও জামাকাপড় অগোছালো দেখি। এরপর লোহার জানালা ভাঙ্গা দেখতে পাই তখন আমার সন্দেহ হলে স্টিলের আলমারিতে গিয়ে দেখি আমার আলমারির পাল্লা খোলা সেখানে রাখা আমার সোনার চেন,হাতের দুটি বালা,আংটি,কানের দুল ও আলমারির উপরে রাখা নোকিয়া বাটন মোবাইল ফোন নেই।
তার দাবি ১ ভরি ৬ আনা সোনা চোর চুরি করে নিয়ে গেছে । ইব্রাহিম খলিলুর রহমান নামে এক স্থানীয়বাসিন্দা জানান, খবর শুনে তার বাড়ীতে মধ্যে রাতে যাই। ঘরের ভিতর গিয়ে দেখি আলমারির পাল্লা ভাঙ্গা ও জামা কাপড় অগোছালো ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে । তার তিন চার লাখ টাকার সোনার গহনা ও মালামাল চোর চুরি করে নিয়ে গেছে। এতে তার অনেক ক্ষতি হয়েছে।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রায় ১ ভরি ৬ আনা সোনা চুরি হয়েছে। যার আনুমানিক মুল্য প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা । ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার কাজ চলমান রয়েছে।#



