ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে আসাদ (৩০) নামের এক যুবকের ঝুলন্ত উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মাতাজীহাটের সাতগ্রাম এলাকায় খাড়ির ব্রিজের কাছে একটি গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে তার মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
নিহত আসাদ উপজেলার রাইগাঁ ইউনিয়নের বেতবহুতি গ্রামের আছির উদ্দিনের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে নিহতের নানা মো: হারুন জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে কোনো এক ব্যক্তি মোবাইল ফোনে কল দিয়ে আসাদকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরে তার মুঠোফোনে কল দিলেও সে রিসিভ করেনি। পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে খাড়ির পাশের একটি গাছে আসাদের ঝুলন্ত লাশ দেখতে পান। বিষয়টি মাতাজিহাট ফাঁড়ি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে পরিবারের দাবি তাকে হত্যা করে তার মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।#


