ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের দৈনিক কোভিড সংক্রমণ মঙ্গলবারের তুলনায় বুধবার বেড়েছে। তবে তা ১০ হাজারের নিচেই রয়েছে। এ নিয়ে পর পর তিনদিন ১০ হাজারের নিচেই থাকল ভারতের করোনা সংক্রমণ।
গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৮৩ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ৭৬৩ জন। খবর আনন্দবাজার অনলাইনের।
আক্রান্তের সঙ্গে মঙ্গলবারের তুলনায় বেড়েছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৪৩৭ জন। এর মধ্যে ৩৭০ জনই কেরালা রাজ্যে।
মহারাষ্ট্রে ১৯, তামিলনাড়ুতে ১৩ এবং পশ্চিমবঙ্গে ১০ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। ভারতের বাকি রাজ্যগুলোতে তা রয়েছে পাঁচের কম। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, পুরো মহামারি পর্বে ভারতে মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৬৬ হাজার ৫৮৪ জন।
আক্রান্তের সংখ্যা কমতে থাকায় ভারতে সক্রিয় রোগীও কমছে। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে ২ হাজার ১০৩ জন। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লাখ ১১ হাজার ৪৮১ জন।


