ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় পাচারকালে সরকারি বরাদ্দের ৯০০ কেজি ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। এ সময় চাল কালোবাজারির অভিযোগে উজ্জল সাকিদার নামের এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার মূলহোতা উপজেলার মৈনম বাজার এলাকার বাসিন্দা বাবু মণ্ডলসহ অন্যরা পলাতক রয়েছেন।
বুধবার (২০ মে) সন্ধ্যার দিকে মৈনম ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ভিজিএফের চাল উদ্ধারসহ উজ্জল সাকিদারকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মৈনম ইউনিয়নে সরকারি ভিজিএফের চাল পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মান্দা থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে মৈনম বাজার এলাকার বাসিন্দা বাবু মণ্ডলের (৫৬) বাড়ির পাশের একটি টিনশেড রান্নাঘর থেকে ৯০০ কেজি চাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভ্যানচালক উজ্জ্বল সাকিদারকে গ্রেপ্তার করে পুলিশ। তবে অভিযানের সময় পাচারচক্রের মূলহোতা অভিযুক্ত বাবু মণ্ডলসহ তার সহযোগীরা পালিয়ে যান।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জ্বল সাকিদার সরকারি চাল সংগ্রহ করে বাবু মণ্ডলের বাড়িতে মজুত এবং পরে তা বেশি দামে বিক্রি করার কথা স্বীকার করেছেন।
ঘটনায় উজ্জ্বল সাকিদার, পলাতক বাবু মণ্ডলসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বুধবার রাতে মান্দা থানায় মামলা করা হয়েছে।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অভিযান চালিয়ে ৯০০ কেজি ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। গ্রেপ্তার উজ্জ্বল সাকিদারকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।



