ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে জমি-জমার বিষয়কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর ও গাছপালা কর্তনের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার চেরাগপুর ইউপির পদ্মপুকুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী আশরাফুল ইসলাম মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, আশরাফুল ইসলামের মা ও খালাতো ভাইয়ের পৈত্রিকসূত্রে প্রাপ্ত জমিতে বসতবাড়ি নির্মাণ ও গাছপালা লাগিয়ে ভোগদখল করে আসছিল।
গত রবিবার ভোরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ পদ্মপুকুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে সালেকুজ্জামান দুলাল, আব্দুল মালেক, সালেকুজ্জামান দুলালের ছেলে আতিকুল ইসলাম, রিপন, মৃত সোলাইমান আলীর ছেলে ওমর ফারুক, আছির উদ্দীনের ছেলে রহমান আলী অজ্ঞাতনাম ১০/১৫ জন ভাড়াটিয়া লোক নিয়ে এসে বসতবাড়ি ভাঙচুর করে ওই জমিতে থাকা ৩১ টি ইউক্যালেকটার গাছ, ৫টি আম গাছ ও ১৬ টি লেবু গাছ কেটে লুট করে নিয়ে যায়। ফলন্ত লেবুগাছগুলো কেটে তারা তাদের বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়।
এ বিষয়ে অভিযুক্ত আতিকুর রহমান বলেন, জমি-জমার বিরোধকে কেন্দ্র করে আশরাফুল গং গত শুক্রবার মারপিট করে তার বাবা-চাচা, চাচী, দাদীসহ ৮ জনকে গুরুতর আহত করে। এদের মধ্যে ৪জন এখনো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার ক্ষোভে স্থানীয়রা তাদের কয়েকটি লেবুগাছ কর্তন করেছে।
মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#



