ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে পুকুরে বিষ প্রয়োগ করে অর্ধলক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার হায়দ্রাবাদ গ্রামে শুক্রবার রাতের কোন এক সময় বিষ প্রয়োগের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুকুর মালিক হায়দ্রাবাদ গ্রামের মৃত সফিজ উদ্দীন মন্ডলের ছেলে আঃ সালাম বাদী হয়ে একই গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে মো. এমদাদুল, আমজাদ হোসেনের ছেলে মো. আজাদ ও মো. রাসেলের বিরুদ্ধে শনিবার সকালে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্র জানায়, আঃ সালামের ছেলে মো. সুজন গত বৃহস্পতিবার সকালে তাদের লীজকৃত পুকুরে জাল দিয়ে মাছ ধরে।
পরে বাড়ির পাশ্ববর্তী অংশীদারী একটি পুকুরে জালটি ধোয়ার জন্য যায়। জাল ধোয়ার বিষয়টি এমদাদুল দেখতে পেয়ে মোবাইলে ভিডিও ধারণ করেন। পরদিন শুক্রবার সন্ধ্যায় মাছ চুরির অভিযোগ এনে সুজনকে মারধর করে তার পুকুর ক্ষতি সাধন করার হুমকী-ধামকী প্রদান করেন তারা। পরে শুক্রবার রাতের কোন এক সময় তারা ওই পুকুরে বিষ প্রয়োগ করে।
শনিবার সকালে পুকুরে মাছের খাবার দিতে গেলে পোনাসহ সকল মাছ মরে ভেসে থাকতে দেখেন। এতে তার প্রায় ৬০ হাজার টাকা ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, পুকুরে বিষ প্রয়োগের ঘটনার সাথে তারা জড়িত নয়।
মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। #



