ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আজাইপুরে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ১৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সদর মডেল থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে পৌরসভার আজাইপুর পুকুরপাটান এলাকায় অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন—আজাইপুরের রাজিয়া বেগম (৪৭), মাঝপাড়া বালিগ্রামের মফিজুল (৫০) এবং আজাইপুরের রুমি বেগম (২৭)।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ১০০ গ্রাম কথিত হেরোইন ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



