ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। এ সময় ইমাম, মোয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইমাম ও মোয়াজ্জিনদের নিয়ে মাদক প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক প্রতিরোধে ইমাম মুয়াজ্জিনদের নিজ নিজ দায়িত্ব থেকে কাজ করতে হবে। একই সঙ্গে বাল্যবিয়ের কারণে শিশুদের শিক্ষা ও স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে ।
তাই মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতা ও সমাজের বিভিন্ন শ্রেণির পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, সমাজে ইমাম ও মোয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সচেতনতা তৈরিতে তাঁরা ভূমিকা রাখলে মাদক ও বাল্যবিয়ের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধ ও পরিবর্তন করা সম্ভব।
উক্ত সভায় বদলগাছী থানার অফিসার ইনচার্জ, ইসলামিক ফাউন্ডেশন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারর বক্তব্য দেন।
তাঁরা মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে ইমাম-মোয়াজ্জিন ও ধর্মীয় নেতাদের করণীয় বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।



