ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : রাতের খাবার শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন পরিবারের সদস্যরা। ঠিক সেই মুহূর্তেই ঘরের টিনের চালায় আগুনের লেলিহান শিখা চোখে পড়ে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। চোখের সামনেই আগুনে ভস্মীভূত হয়ে যায় বসতঘর, আসবাবপত্র, পোশাক, একটি মোটরসাইকেল এবং ঘরে থাকা চাল-ডালসহ সব সম্বল। মাত্র ৩০ মিনিটের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে নওগাঁর বদলগাছী উপজেলার গুড় ব্যবসায়ী নুরুল ইসলামের পরিবার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত নুরুল ইসলাম ওই এলাকারই বাসিন্দা।স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে ঘরের চালায় আগুন দেখতে পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে বদলগাছী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুনের তীব্রতায় ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।কান্নাজড়িত কণ্ঠে ক্ষতিগ্রস্ত নুরুল ইসলাম বলেন, “রাত ১০টার দিকে হঠাৎ ঘরের টিনে আগুন দেখতে পাই। কীভাবে আগুন লাগল তা বুঝতে পারিনি। গ্রামবাসী ছুটে এসে অনেক চেষ্টা করেও কিছু রক্ষা করতে পারেননি। মাত্র আধা ঘণ্টার মধ্যেই আমার তিল তিল করে গড়া সব শেষ হয়ে গেল। পরনের কাপড় ছাড়া এখন আর কিছুই অবশিষ্ট নেই।”
স্থানীয় বাসিন্দা সুমন ও পার্থ জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুনে পরিবারটির অপূরণীয় ক্ষতি হয়ে গেছে এবং তাঁরা এখন খোলা আকাশের নিচে অসহায় অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে বদলগাছী ফায়ার সার্ভিসের সাব-অফিসার আব্দুর রউফ জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরের সবকিছু পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে পরিবারটির প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”
এক রাতের ব্যবধানে মাথা গোঁজার ঠাঁই ও দীর্ঘদিনের সঞ্চয় হারিয়ে নুরুল ইসলামের পরিবার এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।


