ধূমকেতু নিউজ ডেস্ক : এই সপ্তাহের শুরুতে তেহরানে পুলিশ হেফাজতে মারা যাওয়া মাহসা আমিনির (২২) জানাজা-দাফনের পর পশ্চিম ইরানে একটি প্রতিবাদ সমাবেশকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।
ইরানের আধা-সরকারি ফারস বার্তা সংস্থা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শনিবার সকালে উত্তর-পশ্চিম কুর্দিস্তান প্রদেশের তেহরান থেকে ৪৬০ কিলোমিটার দূরে তার নিজ শহর সাগেজে তার মরদেহ দাফন করা হয়েছে বলে জানিয়েছে ফারস।
বার্তা সংস্থাটি বলেছে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পরে, কিছু লোক ঘটনাস্থল ত্যাগ করেছিল এবং কিছুসংখ্যক রয়ে গিয়েছিল । এরপর বিক্ষোভকারীরা সাগেজের গভর্নরের কার্যালয়ের সামনে জড়ো হয় এবং বিক্ষোভকারী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি ইঙ্গিত করে ‘স্বৈরশাসক নিপাত যাক’ বলে স্লোগান দেন। একপর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
পুলিশ বলেছে যে ২২ বছর বয়সী মাহসা আমিনি, যাকে মঙ্গলবার ইরানের তথাকথিত “নৈতিকতা পুলিশ” স্কার্ফ বা হিজাব না পরায় আটক করা হয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল।
পুলিশ থানা থেকে ক্লোজ সার্কিট ফুটেজও প্রকাশ করেছে, যেখানে আমিনীর অসুস্থ হওয়ার মুহূর্তটি দেখায়। এছাড়াও তেহরানের কাসরা হাসপাতাল কতৃপক্ষ বলছে, যেখানে পুলিশ আমিনীকে নিয়ে যাওয়ার হয়েছিল, তাকে কোনও গুরুতর লক্ষণ ছাড়াই হাসপাতাল আনা হয়েছিল। তবে আমিনীর একজন আত্মীয় জানিয়েছেন যে তার হৃদরোগের কোনো ইতিহাস ছিল না।
আমিনীর মৃত্যু ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি এবং বিশিষ্ট ব্যক্তিদের থেকে নৈতিকতা পুলিশের বিরুদ্ধে ক্ষোভের জন্ম দেয়। ইরানের বিচার বিভাগ তার মৃত্যুর তদন্ত শুরু করেছে।
এদিকে সংস্কারপন্থী ইতেমাদ মেলি রাজনৈতিক দল বাধ্যতামূলক হিজাবের আইন বাতিল করার জন্য ইরানের পার্লামেন্টকে অনুরোধ করেছে এবং প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নৈতিকতা পুলিশকে সরিয়ে দেয়ার পরামর্শ দিয়েছে।
উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানে নারীদের জন্য হেডস্কার্ফ বাধ্যতামূলক, এবং নৈতিকতা পুলিশের সদস্যরা কঠোর পোষাক কোড প্রয়োগ করে। সাম্প্রতিক বছরগুলিতে তারা লোকেদের, বিশেষ করে যুবতী নারীদের প্রতি তাদের আচরণের জন্য সমালোচিত হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ভিডিওগুলিতে দেখা গেছে যে অফিসাররা নারীদের পুলিশের গাড়িতে জোর করে নিয়ে যাচ্ছে।
২০১৭ সাল থেকে, এর প্রতিবাদে কয়েক ডজন নারী প্রকাশ্যে তাদের মাথার স্কার্ফ খুলে ফেলার পর, কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।
ইরানী অতি রক্ষণশীলরা হিজাব আইন অমান্যকারী নারীদের জন্য কঠোর শাস্তি এবং এমনকি বেত্রাঘাতের আহ্বান জানিয়েছে, যুক্তি দিয়ে যে নারীদের তাদের চুল দেখানোর অনুমতি দেওয়া নৈতিক অবক্ষয় এবং পরিবারের বিচ্ছিন্নতার দিকে পরিচালিত করে। বিচার বিভাগ সাম্প্রতিক বছরগুলোতে হিজাব না পরেন এমন নারীদের সম্পর্কে জানাতে জনগণকে আহ্বান জানিয়েছে।


