ধূমকেতু নিউজ ডেস্ক : কবীর সুমনের প্রথম নাম সুমন চট্টোপাধ্যায়। তবে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় ইসলাম গ্রহণ করেন। নাম পরিবর্তন করে রাখেন কবীর সুমন।
কবীর নামটি ‘বৈষ্ণব পদাবলি’র রচয়িতা মধ্যযুগীয় বাঙালি কবি শেখ কবীরের নাম থেকে নেয়া।
কবির সুমনের বেড়ে ওঠার গল্প
১৯৫০ সালের ১৬ মার্চ ভারতের ওড়িষার কটকের বাঙালি এক হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় সুমনের। বাবা সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মা উমা চট্টোপাধ্যায়। বাবার কাছে ক্লাসিক্যাল মিউজিকের তালিম নেয়া সেই ছোট্টবেলাতেই।
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক শেষ করে ফ্রেঞ্চ ও জার্মান ভাষায় ডিপ্লোমা নেন সুমন। এরপর কিছুদিন অল ইন্ডিয়া রেডিও আর ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়াতে কাজ করেন। সত্তরের মাঝামাঝি সুমন গুয়াতেমালায় চলে যান। এক জায়গায় বেশিদিন তিনি থিতু হননি। ইউরোপের বিভিন্ন দেশে তিনি স্থান বদল করেছেন। দেখেছেন বিভিন্ন ধাঁচের মানুষ, এসেছেন ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক ধারার সংস্পর্শে। ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল অবধি তিনি ভয়েস অব জার্মানির বাংলা বিভাগে কাজ করেন।
ফ্রান্সে থাকার সময় তার জীবনের নতুন অভ্যুদয় ঘটে। বব ডিলানের গানের সংস্পর্শে আসেন তিনি। সেখান থেকেই তার জীবনের গতিপথ পাল্টে যায়। তার গানে রোমাঞ্চিত হন তিনি।
১৯৮০ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত কবীর সুমন যুক্তরাষ্ট্রে থাকার সময় ওয়াশিংটন ডিসিতে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগে কাজ করতেন। ওখানে পিট সিগার, মায়া অ্যাঞ্জেলোসহ বেশ কিছু গুণী সাহিত্যিক ও সঙ্গীত বিষয়ক ব্যক্তিত্বের সাথে পরিচিত হয়ে তার জীবন আরও শানিত হয়।
১৯৮৯ সালে জার্মান ইন্টারন্যাশনাল রেডিওর সাথে দ্বিতীয় চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সুমন কলকাতায় ফিরে আসেন। তখন থেকে শুরু হয় তার দীর্ঘ প্রবাস থেকে নেয়া সংগীত অভিজ্ঞতার অনবদ্য এক বহিঃপ্রকাশ। তার নগর জীবন আর সামাজিক সচেতনতামূলক গানগুলো মানুষের বোধের জগতকে সজজেই নাড়া দেয়। কলকাতায় তিনি প্রথম যোগ দিয়েছিলেন ‘নাগরিক’ ব্যান্ডের সাথে। এই ব্যান্ডের সাথে বের হয় তার দু’টি অ্যালবাম- ‘অন্য কথা অন্য গান ১’ ও ‘অন্য কথা অন্য গান ২’।
কবির সুমনের প্রথম অ্যালমাব ‘তোমাকে চাই’। প্রকাশিত হয় ১৯৯২ সালের ২৩ এপ্রিল। প্রথম অ্যালবামের গানেই নিজের শক্তি দেখান তিনি। জানান দেন ভিন্নমাত্রার। বাংলা গানে নতুন মাত্রা যোগ করলো এই অ্যালবাম। দুই বাংলায় সমান আবেদনময়ী ‘তোমাকে চাই’।
২০১০ সাল অবধি সুমনের ২০টির বেশি অ্যালবাম বের হয়। তার গানের প্রভাবে চলে পশ্চিমবঙ্গ ও ঢাকার শিল্পীরা। ‘চন্দ্রবিন্দু’র মতো বেশ কিছু ব্যান্ড তার দ্বারা সম্যক প্রভাবিত হয়ে পথ চলেছে, এখনও চলছে। তাই বলা হয় আধুনিক বাংলা গানে বিপ্লব ঘটে গেছে কবীর সুমনের হাত ধরেই।


