ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : আলোচিত যুবদল নেতাদের নির্মম নির্যাতনে ব্যবসায়ী সোহাগকে হত্যার বিচারের দাবিতে এবং সারাদেশে আইন-শৃঙ্খলা অবনতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্র ও তৌহিদী জনতা।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৬ টায় স্থানীয় বাসষ্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই এসে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও এনসিপি নেতা আমিনুল হক, মুহাম্মদ আব্দুল্লাহ, বেলাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলার শাখার সাধারণ সম্পাদক মুফতি মা’আরিফুল, সাংগঠনিক সম্পাদক মো. সুমন হোসেন এতে বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে পাথর মেরে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, এটি নিছক হত্যাকাণ্ড নয়, চরম বর্বরতা। এ ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন নৃশংসতা চলতেই থাকবে। এখন আমাদের নিরাপত্তা কোথায়? আমরা রাস্তায় নেমেছি আমাদের নিরাপত্তার জন্য। বিচারহীনতা থামাতে হবে, তাছাড়া আমরা নিরাপদ নয়। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি।


