ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলেই আজ দেশে উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনা না থাকলে দেশে উন্নয়ন হবে না। শেখ হাসিনা মানেই উন্নয়ন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। তারই ধারাবাহিকতায় ২৩ জানুয়ারী ৭০ হাজার গৃহহীন পরিবারের মাঝে ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৭০ হাজার ঘর হস্তান্তরের জন্য আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। ২২ জানুয়ারী শুক্রবার বেলা ৫টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের চৌরা কসবা গ্রামে গৃহহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন কালে খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আমাকে প্রতিদিন কথা শুনতে হয় যে, কৃষকরা ধানের নায্যমূল্য পাচ্ছে না, অপরদিকে চালের বাজার অস্থিতিশীল। আমি মনে করি ধানের দাম ১ হাজার টাকার উপরে না থাকলে আমার কৃষক বাঁচবে না। আপনাদের অভ্যাস করতে হবে মোটা চাল কমপক্ষে ৪০ টাকা কেজি দরে খেতে হবে। সরু চাল খেতে হবে ৪৫ টাকা থেকে ৫০ টাকা।
মন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারীতে যখন সারা বিশ্ব অর্থনীতিতে নাজুক পরিস্থিতির শিকার হয়েছে তখন আমাদের দেশ কৃষি নির্ভর দেশ বলেই আমাদের অর্থনীতি এখনও সচল রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে আরো বিজ্ঞান সম্মত করতে আরো উন্নত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইনচার্জ হুমায়ন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈমসহ উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দ। নিয়ামতপুর উপজেলা মোট ৭১টি পরিবার ঘর পাচ্ছে।


