ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে দলের শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে দলীয় মনোনয়নকৃত প্রার্থীর বিরুদ্ধে ইউপি নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগের ১১ চেয়ারম্যান প্রার্থীকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর ১ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বহিস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম।
বহিষ্কৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ধামইরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এটিএম বদিউল আলম, ২ নম্বর আগ্রাদ্বিগুন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল লতিফ মীর, ৩নম্বর আলমপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সম্পাদক আবু মুছা ও ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য বেলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মাসুদুর রহমান সরকার, উমার ইউনিয়ন যুবলীগের সভাপতি আজহারুল ইসলাম, ৫ নম্বর আড়ানগর ইউনিয়ন যুবলীগের সম্পাদক মোসাদ্দেকুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রকেট, উপজেলা আওয়ামী লীগের সদস্য ওসমান আলী, ৭ নম্বর ইসবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ইমরুল কায়েশ বাদল ও ৮নম্বর খেলনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম।
বর্তমান ও সদস্য বিলুপ্ত কমিটির এসব বিদ্রোহী প্রার্থীদের সাথে দলীয় নেতাকর্মীদের নির্বাচনী ও দলীয় সংক্রান্ত সম্পূর্ণ যোগাযোগ নিষিদ্ধ বলেও ঘোষণা করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সম্পাদক সোহেল রানা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবুবুর রহমান সাবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইনসহ, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, আব্দুল আজিজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


