ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন ২২৯ টি পরিবারকে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জমির দলিলসহ ঘরের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমের সভাপতিত্বে ঘরের দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের উপ পরিচালক শাহানা আকতার জাহান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,গোদাগাড়ী পৌরসভার মেয়র অয়েজউদ্দীন বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, সহকারী কমিশনার ভুমি তাসমিনা খাতুন।
সভায় বক্তারা বলেন, উপকারভোগীর সন্তানদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা হবে। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ বাড়ী পেয়ে গোদাগাড়ী উপজেলার ২২৯ টি পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চির কৃতজ্ঞ জাপন করে।
এসময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী আবু বাশির, উপজেলা এলজিইডি প্রকৌশলী সাদরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার অশোক কুমার চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, যে ২ শতাংশ জায়গায় প্রতিটি ঘরে দুটি কক্ষ রয়েছে, সঙ্গে রয়েছে রান্নাঘর ও শৌচাগার। প্রতিটি ঘরের চারপাশে খোলা জায়গা রয়েছে, যেখানে উপকারভোগীরা চাইলে শাকসবজি আবাদ করতে পারবেন।


