ধূমকেতু নিউজ ডেস্ক : যারা নির্বাচনে বাধা সৃষ্টি করছে তারা পক্ষান্তরে স্বৈরাচারের পক্ষে অবস্থান নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেন, স্বৈরতন্ত্রের পতন তখনই সার্থক হবে, যখন গণতন্ত্রের উত্তরণ সম্পন্ন হবে। যদি গণতন্ত্রের উত্তরণ সম্ভব না হয় তাহলে স্বৈরতন্ত্র ফিরে আসার সম্ভাবনা থেকে যাবে। আজকে যারা বিভিন্ন অজুহাতে গণতন্ত্রের উত্তরণের যে নির্বাচন, সেই নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন বা বাধা দিচ্ছে তারা পক্ষান্তরে স্বৈরতন্ত্রের পক্ষেই অবস্থান নিচ্ছে।
তিনি বলেন, আমরা আপনার (প্রধান উপদেষ্টা) সমালোচনা করি, আপনি যাতে একটি ভালো নির্বাচন দিয়ে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণে সহায়তা করেন। না হলে অনেক জটিলতা দেখা দিতে পারে। সেজন্য যেকোনোভাবে ও উপায়ে আপনাকে ডিসেম্বর টু ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। আর তা যদি সম্ভব না হয়, বাংলাদেশে কোন স্বৈরতন্ত্র কিন্তু ভালো নির্বাচন ছাড়া রেহাই পায়নি। এখনো পর্যন্ত আপনার পথ খোলা আছে। আপনি ভালো নির্বাচন দেবেন, এটা জাতি প্রত্যাশা করে এবং আমরাও প্রত্যাশা করি।
চাঁদাবাজদের উদ্দেশে দুদু বলেন, যারা চাঁদাবাজি করছেন, দল গঠন করছেন এবং বিএনপির বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন- তাদের আমি বলব, এই সময় সময় না, আরো সময় আছে। আপনাদের পরিণতি কি হবে, সেটা যদি না ভাবেন তাহলে ভুল হয়ে যাবে। এটা একবার মাথার মধ্যে নেন। এখন আপনাদেরকে ব্যবহার করে উপদেষ্টা মণ্ডলীর যে সদস্যরা ক্ষমতার অপব্যবহার করছেন তারা কিন্তু আপনাদেরকে সেই সময়ে সহায়তা করবে না, এটাই বাস্তব।
আয়োজক সংগঠনের সভাপতি মোক্তার আখন্দের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।


