ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৫ জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলো, আলিমুল বাশার (৩৬), ইসরাফিল ইউসুফ (৩৫), মমিন (২৯), মুত্তাকিন (২৪) ও রনি ইসলাম(২৮)।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শুক্রবার (২১ জানুয়ারি) রাত ২ টায় (২০ তারিখ দিনগত রাত) রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মশিয়ার রহমান, এসআই এএসএম সাইদুজ্জামান ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দামকুড়া থানার বেড়পাড়া গ্রামের ভুট্টুর লিচু বাগান হতে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়ারিকে আটক করে। এসময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।
আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


