ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে কাশিয়াডাঙ্গা থানা এলাকায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৯০ গ্রাম হেরোইন ও ১৫ লিটার দেশীয় মদসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত হলো, রুবেল শেখ (৫৫)। সে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়ার মৃত ইমানি শেখের ছেলে।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ঘটনা সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি ২০২২ বিকেল পৌনে ৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক রেজাউল হাসান, এসআই মাহফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া গ্রামের এক ব্যক্তি তার ভাংড়ি মালের দোকানে হেরোইন ও দেশীয় মদ বিক্রয় করছে।
পুলিশ আরও জানায়, উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সেখানে পৌঁছে আসামী রুবেল শেখ (৫৫)কে আটক করে। এসময় আসামীর কাছ থেকে ৯০ গ্রাম হেরোইন ও ১৫ লিটার দেশীয় মদ উদ্ধার হয়।
আসামী রুবেলের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


