ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে পুলিশের নামে চাঁদাবাজীর অভিযোগে এক চাঁদাবাজকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত হলো বাবু ওরফে কট্টি বাবু (৩৮)। সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার নবাবজান শেখের ছেলে।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ঘটনা সূত্রে জানা যায়, কতিপয় চাঁদাবাজ ও সন্ত্রাসীরা মিলে নগরীর সাহেব বাজারস্থ আবাসিক হোটেল থেকে গোয়েন্দা পুলিশের নামে মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলো। একজন আবাসিক হোটেল মালিকের এমন অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম তথ্য প্রমানসহ চাঁদাবাজদের আটক করতে অভিযান শুরু করে।
এরপর তারা গত ২৯ জানুয়ারি ২০২২ রাত পৌনে ১০ টায় ছদ্মবেশে হোটেল সুরমায় অবস্থান নেয়। এসময় চাঁদাবাজ বাবু ওরফে কট্টি বাবু হোটেল সুরমায় চাঁদাবাজীর জন্য আসলে ডিবি পুলিশ তাকে আটক করে।
আটককৃত আসামী বাবু জিজ্ঞাসাবাদে জানায়, সে তার অন্যান্য সহযোগিদের সহায়তায় দীর্ঘদিন যাবৎ গোয়েন্দা পুলিশের নাম ব্যবহার করে বিভিন্ন আবাসিক হোটেলসহ সাহেব বাজারের কাঁচা বাজার, জুতা পট্টি, মনি চত্ত্বর, জিরো পয়েন্ট ও পদ্মা গার্ডেন এলাকায় চাঁদাবাজী করে আসছিলো।
বাবুর অন্যান্য সহযোগি চাঁদাবাজদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।
আটককৃত আসামী বাবুর বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য, ছিনতাই, দ্রুত বিচার ও চাঁদাবাজির একাধিক মামলা আছে।
আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


