ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ২ ছিনতাইকারীকে আটক করেছে কর্ণহার থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার হয়।
আটককৃতরা হলো, রাজশাহী মহানগরীর পবা থানার দুয়ারী গ্রামের মানিক মিয়ার ছেলে নাইমুর রহমান দিপ্ত (২৬) ও কর্ণহার থানার ধর্মহাটা (মধ্যপাড়া) গ্রামের মোস্তাকিম আলীর ছেলে আহম্মেদ আলী সাগর (২১)।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ঘটনা সূত্রে জানা যায়, রনি ইসলাম (২৮) গত ২৮ জানুয়ারি ২০২২ রাত সাড়ে ৭ টায় তার ব্যক্তিগত প্রয়োজনে কর্ণহার থানার রাধানগর দারুসা বাজারে যায়। এসময় তার পিছন দিক থেকে আসা মোটরসাইকেলে তিনজন আরোহী রনির হাতে থাকা মোবাইল ফোনটি কেড়ে নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। ঐসময় রনি চিৎকার করলে, তার চিৎকার শুনে দারুসা বাজারে থাকা কর্ণহার থানার টহল পুলিশ আসামীদের মোটর সাইকেলসহ আটক করার চেষ্টা করে। একপর্যায়ে আসামীরা মোটরসাইকেল ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। থানা পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে নিয়ে যায়।
উক্ত ঘটনায় কর্ণহার থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেনের নেতৃত্বে কর্ণহার থানা পুলিশ ছিনতাইকারীদের আটক অভিযানে নামে। পরবর্তীতে গত ২৯ জানুয়ারি ২০২২ মোটর সাইকেলের সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে এবং সাইবার ক্রাইম ইউনিটের দেয়া তথ্যে আসামীদের অবস্থান শনাক্ত করে। এরপর অভিযান পরিচালনা করে তানোর থানা পুলিশের সহায়তায় তানোর থানার জুড়ানপুর এলাকা থেকে ছিনতাইকারী দিপ্তকে আটক করে এবং রনির ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে পবা থানা পুলিশের সহায়তায় পবা থানার বসন্তপুর এলাকা হতে আসামী সাগরকে আটক করে। অপর আসামীকে আটক অভিযান অব্যহত রয়েছে।
আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


