ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনায় একজন ও উপসর্গ নিয়ে তিনজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।
তাদের মধ্যে দুজন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আর অপর দুজন হাসপাতালের ২৯/৩০ নম্বর ওর্য়াডে ভর্তি ছিলেন। গত ২৪ ঘন্টায় তারা বিভিন্ন সময় হাসপাতালে মারা যান।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
এদিকে, গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুইটি পিসিআর ল্যাবে ৬৪১ টি করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৫২ দশমিক ২৬ শতাংশ। যা গতকাল শনাক্তের হার ৪০ দশমিক ৮২ শতাংশ।
অন্যদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ১০৪ শয্যা করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি রয়েছে ৬৩ জন। তার মধ্যে করোনা আক্রান্ত রোগী রয়েছে ৩৯ আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ২০ জন রোগী। আর করোনা এখনও ধরা পড়েনি এমন রোগী ভর্তি রয়েছে ৪ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন ৬ জন রোগী ভর্তি হয়েছে। একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আরো ৯ জন রোগী।
এ বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, করোনা ও উপসর্গ নিয়ে যে চারজন মারা গিয়েছে তাদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করতে বলা হয়েছে।


