ধূমকেতু নিউজ ডেস্ক : বিদ্যুৎ নিয়ে সংকট তৈরি হয়েছে শ্রীলঙ্কায়। দেশটিতে জ্বালানী তেলের অভাবে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় ফলে ঘন ঘন ব্ল্যাকআউট সমস্যাও দেখা গেছে। এবার এই সমস্যা থেকে উত্তরণে শ্রীলঙ্কাকে ৫০ কোটি ডলার ঋণ দিলো ভারত।
দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনার পর আজ এই বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। এছাড়া, করোনা মহামারির কারণে ব্যাপক আর্থিক সংকটে পড়া শ্রীলঙ্কাকে আন্তর্জাতিক বাজার থেকে খাদ্য ও ওষুধ কিনতে আরও ১০০ কোটি ডলার ঋণ দেবে বলে এনডিটিভি অনলাইনকে জানিয়েছেন ভারতের এক কূটনীতিবিদ।
জ্বালানি তেলের অভাবে শ্রীলঙ্কায় বিদ্যুৎ উৎপাদন ব্যহত হওয়ার কারণে চালসহ অন্যান্য খাদ্যশস্য, ওষুধ, মোটরযান যন্ত্রাংশ, সিমেন্টসহ সব পণ্যের দাম বেড়েই চলছে। গত মাসে দেশটিতে মুদ্রাস্ফিতির হার রেকর্ড করা হয়েছে ২৫ শতাংশ।
গত কয়েক বছরে শ্রীলঙ্কার বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় ৩৫ বিলিয়ন ডলার। এই ঋণের অধিকাংশই এসেছে চীন থেকে। এখন চীনের ঋণ কীভাবে শোধ হবে সেটি বড় প্রশ্ন দেশটির সামনে।
এর আগে, গত ডিসেম্বরে ইরান থেকে অতীতে আমদানি করা তেলের বকেয়া চা দিয়ে পরিশোধ করার কথা প্রতিশ্রুতি দিয়েছিল শ্রীলঙ্কার সরকার। তাতে ইরান সম্মতিও দিয়েছিল।


