ধূমকেতু প্রতিবেদক, রাবি : ট্রাকচাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসের ভিতরে হিমেল নামের এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় উত্তাল ছিলো রাবি ক্যাম্পাস। শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে প্রশংসার জোয়ারে বাসছেন রাবি উপাচার্য ।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ চত্বরে শিক্ষার্থীদের সাথে আলাপকালে আন্দোলনরত শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থীদের দাবিগুলো ছিল :
১. নিহত হিমেলের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান
২. আহত শিক্ষার্থীর ব্যয়ভার বহন করা
৩. হিমেলের নামে নির্মাণাধীন বিজ্ঞানভবনের নামকরণ করা
৪. রাস্তা মেরামত করে কনস্ট্রাকশনের কাজ শুরু করা
৫. সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা ও বহিরাগতের সম্পূর্ণ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা
৬. কাজলা ও বিনোদপুর গেটে ফুটওভার ব্রিজ নির্মাণ করা
৭. রাকসু নির্বাচন নিশ্চিত করা এবং
৮. বোটানিক্যাল গার্ডেনের ভেতরে রাস্তা মেরামত করে কাজ চালু করা।
এসব দাবির সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একাত্মতা পোষণ করেন এবং সকল দাবি মেনে নেন। এরপর থেকেই বিশ্ববিদ্যালয় পরিবার গ্রুপে প্রশংসনীয় বার্তা লিখে পোস্ট করতে থাকে শিক্ষার্থীরা।
নিহত হিমেলের বন্ধু তানভির ইসতিয়াক তার ফেসবুক ওয়ালে লিখেন,”আমি শহীদ শামসুজ্জোহা স্যার কে সরাসরি দেখিনি তবে, কাল থেকে আজ পর্যন্ত একজন “তারেক নূর” স্যারকে দেখেছি ”। শুরু থেকে স্যারকে সম্মুখভাবে ভূমিকা রাখতে দেখেছি। লাশ নিয়ে আসা,লাশ গোসল করানো,কবরে মাটি দেওয়া থেকে শুরু করে সকল জায়গায় তাকে পেয়েছি। একজন বিশ্ববিদ্যালয় এর শিক্ষক কতটা দায়িত্ববান হতে পারেন, তার সাথে সশরীরে না থাকলে জানতাম না ৷
বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সভাপতি সালমান শাকিল তার ফেসবুক ওয়ালে লিখেন, একজন শিক্ষার্থী ট্রাক চাপায় ক্যাম্পাসের ভেতরেই মারা গেছে এটি খুব ছোট বিষয় নয়। বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ক্যাম্পাস। প্রক্টর আসেনি, এমনকি প্রক্টরিয়াল বডির কেউ আসেনি। অবস্থা আরও বেগতিক। সেই অবস্থা ফেস করতে একটু সময় লেগেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে শিক্ষার্থীদের ফেস করেছে, শিক্ষার্থীদের দাবিগুলোকে মেনে নিতে আগ্রহ দেখিয়েছে, এমনকি মেনেও নিয়েছে, এই পদক্ষেপটা প্রশংসার দাবি রাখে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় এর আগে কখনো এমন শিক্ষার্থী বান্ধব ভিসি পেয়েছে কিনা জানা নেই। ছাত্ররা একে একে দাবি বলে যাচ্ছে আর তিনি সাথে সাথে মেনে নিচ্ছেন।


