ধূমকেতু প্রতিবেদক, রাবি : খাবারের মান যাচাই করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হলের ডাইনিং পরিদর্শন করেছেন উপ- উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম।
রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শের-ই-বাংলা হল প্রদর্শন করেন তিনি।
এসময় তিনি হলের ডাইনিংয়ের খাবারের মান যাচাই করেন এবং হলের শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ শুনে সেগুলো লিপিবদ্ধ করেন। এছাড়া খাবারের মান, রান্নাঘর এবং ডাইনিং এর পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, সবাইকে বাস্তবসম্মত চিন্তা ভাবনা করতে হবে। শিক্ষার্থীরা তাদের প্রদানকৃত মূল্যের বিনিময়ে সর্বোচ্চ মানসম্মত খাবার পাচ্ছে কি না তা তদারকি করা হবে। শিক্ষার্থী এবং কর্মচারীদের সাথে আলোচনা করে খাবারের মান উন্নয়নে যথাযথ পদক্ষেপ নিতে ইতোমধ্যে হল প্রভোস্টকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ছেলেদের এগারোটি হলের মধ্যে শুধু দু-তিনটি হলের ডাইনিংয়ে ভীড় লক্ষণীয় কেন জানতে চাইলে তিনি বলেন, খাবারের মানে তারতম্যের কারণে এমনি ঘটতে পারে। অতিদ্রুত সব হলগুলোর খাবার ব্যবস্থাপনায় সামঞ্জস্য আনা হবে। একইসাথে প্রশাসন কর্তৃক পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় হল পরিদর্শনকালে উপ-উপাচার্যের সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক এবং বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ রওশন জাহিদ উপস্থিত ছিলেন।


