ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ট্রাকচাপায় নিহত মাহমুদ হাবিব হিমেলের স্মরণে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় চারুকলা অনুষদের উদ্যোগে চারুকলা ভবনের সামনে স্বরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাহমুদ হাবিব হিমেলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে।
চারুকলা অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, ছাত্র উপদেষ্টা তারেক নূর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, চারুকলা অনুষদের শিক্ষকবৃন্দ।
এসময় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, আমাদের প্রিয় ছাত্রকে হারিয়ে আমরা সকলেই শোকাহত। হিমেলের আত্মার মাগফেরাত কামনা করছি। আমরা ছাত্র-শিক্ষক মিলে হিমেলের পরিবারের পাশে দাড়িয়েছি এবং তার পরিবারের পাশে থাকবো বলে আশ্বাস দিয়েছি।
শিক্ষার্থীদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমার শিক্ষার্থীদেরকে আরো সচেতন থাকতে হবে। আমরা এক হিমেলকে হারিয়েছি আর কোনো হিমেলকে হারাতে চাইনা। করোনার কারনে শিক্ষার্থীদের সাথে শিক্ষকের যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা কাম্য নয়। আমরা শিক্ষার্থীদের কাছাকাছি থাকতে চাই।
এছাড়াও স্বরণসভায় আরও উপস্থিত ছিলেন, হিমেলের আত্মীয়স্বজন, সহপাঠী, প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীসহ আরও অনেকেই।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের পাশে ট্রাক চাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের।


