ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামী হলো, নাজমুল হক (৪৩)। সে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার নওদাপাড়া মিয়াপাড়া গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই শাকিল হুদা জনি ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার লক্ষীপুর মোড়ে অবস্থিত লক্ষীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এক ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত সোয়া ১১ টায় সেখান হতে আসামী নাজমুল হককে আটক করে। এসময় আসামীর কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
কাটাখালী থানায় তার বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


