ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালিত হচ্ছে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার , উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক চৌধুরী জাকারিয়া, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা তারেক নূর প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করেন তারা।
এছাড়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে শিক্ষক সমিতি, আবাসিক হল ও বিভাগ, জেলা সমিতি, রাবি প্রেসক্লাব, রাবি সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, ছাত্রলীগ এবং বিভিন্ন সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন পেশাজীবী সংগঠন। এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
এদিকে সকাল ১০টায় শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবন চত্বরে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও বাংলা হস্তলিপি প্রতিযোগিতা। প্রতিযোগিতা উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার ও পুরস্কার প্রদান করেন উপাচার্য পত্নী প্রফেসর তানজিমা ইয়াসমিন।
বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা ও সন্ধ্যা সাড়ে ৬ টায় শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।


