ধূমকেতু প্রতিবেদক : শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে আজ উদযাপিত হলো মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান শিক্ষানুরাগী এম. এ মান্নান খানের সভাপতিত্বে করোনাকালীন সংকটে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দের উপস্থিতিতে ভাবগাম্ভীর্যের সাথে পালিত হলো এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
শহিদ দিবস উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠানটি আয়োজন করেছিল চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজনে সভাপতি এম. এ. মান্নান খান কাব্যিক ছন্দে যেমন ভাষার প্রতি ভালোবাসা প্রদর্শন করেন তেমনই ছোটগল্পের সুরে সকলকে স্মরণ করিয়ে দেন দায়িত্ববোধ ও কর্তব্যপালনের কথা। সভাপতি ভাষা শহিদদের প্রতি সম্মান জানিয়ে শুদ্ধ ভাষা চর্চাকে সমৃদ্ধ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ড. এস. এম এক্রাম উল্যাহ্, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আলোচনার প্রাক্কালে তিনি অসমাপ্ত আত্মজীবনী থেকে বলেন, “যা কিছু মানবজাতিকে ভাবায় তা আমাকেও ভাবায় নিরন্তর”।
তিনি আরও বলেন, দেশমাতৃকার চেতনা বুকে ধারণ করে দেশ ও জাতিকে সম্মুখে অগ্রসর হতে হবে এবং দেশের ঐতিহ্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির পদ অলঙ্করণ করেন হুমায়ূন কবির, সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী। আয়োজনের মাঝে তিনি উল্লেখ করেন ১৯৫২ সালের বিয়োগান্তক অথচ গৌরবোজ্জ্বল এক অধ্যায় ভাষা আন্দোলন। মাতৃভাষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন, ড. এ.এইচ.এম তাহমিদুর রহমান, অধ্যাপক, চারুকলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তিনি শহিদদের স্মৃতিচারণ করে শুদ্ধ বাংলা শব্দচয়নে শুদ্ধ উচ্চারণের জন্য সকলকে আহবান জানান।
আয়োজক হিসেবে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাজমা রহমান কাব্যিক ছন্দে ও প্রাসঙ্গিকতা উল্লেখপূর্বক বিভিন্ন পর্বে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। এই সময় তিনি তাঁর ভাতৃবিয়োগের ব্যাথাকে শক্তিতে রূপান্তরপূর্বক প্রতিষ্ঠানের লক্ষ্য ও স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিরাজ আহমেদ। তিনি শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন, ভাষা শহিদদের আত্মত্যাগ আমরা যেন একুশের মধ্যে সীমাবদ্ধ না রেখে দিকে দিকে ছড়িয়ে দিই।
আয়োজনের শুরুতেই চার ধর্মের গ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন পরবর্তী প্রামাণ্যচিত্র এবং সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্য দিয়ে এদেশের ভাষা শহিদদের আত্মত্যাগ স্মরণ করা হয়।
পরিশেষে সকল শহিদের আত্মার মাগফেরাত প্রার্থনায় এবং অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য জাহিদুর রহমান শিমুলের জন্য মোনাজাত ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ভাবগাম্ভীর্যের সাথে আয়োজনের সমাপ্তি ঘটে।


