ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর সিএন্ড বিতে আজ দিনব্যাপী চলছে ব্যতিক্রমী বইমেলা পুস্তকপথ। স্কুল পড়ুয়া একদল শিক্ষার্থীর আয়োজনে প্রায় দশ হাজার বইয়ের ফ্রি পুস্তক-মেলা হৈচৈ ফেলে দিয়েছে নগরীজুড়ে। আয়োজকদের প্রত্যাশা এই মেলা বই পড়তে আগ্রহী করে তুলবে নতুন প্রজন্মকে আর তা ছড়িয়ে দিতে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা।
সকালের প্রভাত ফেরি শেষেই প্রস্তুতি শুরু হয় ফ্রি বই মেলা আয়োজনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রিক গ্রুপ মাইন্ড ক্যাসেল এর স্কুল পড়ুয়া একদল শিক্ষার্থী গেলো একমাস যাবত পুরোনো বই সংগ্রহের অভিযানে নামে।
এরপর প্রায় দশ হাজার বইয়ের পসরা নিয়ে আজ রাজশাহীর সার্কিট হাউজ রোডে সকাল ১১টায় শুরু হয় ফ্রি বই মেলা। লাইনে দাঁড়িয়ে সর্বোচ্চ দুটি বই ফ্রি তে নিতে পারবেন যে কেউ। ঢল নামে ছোট-বড় সকলের।
এদিকে শুধু বই নিতেই নয় লম্বা দাঁড়িয়ে বই ডোনেট করতেও এসেছেন অনেকেই এই পথ পুস্তক মেলায়।
এই বইমেলায় ঘুরতে আসা মিতা ইসলাম বলেন, শুনলাম ফ্রিতে বই নেওয়া যাবে। এখানে এসে নিজের পছন্দের দুটি বই পেয়েছি আর সেগুলো একদম নতুন। বই পেয়ে খুব ভালো লাগছে।

সজীব রহমান নামের একজন বলেন, আমি বই পড়তে খুব ভালোবাসি। অনেক বই এ পর্যন্ত সংগ্রহ করেছি। তাই নতুন কোনো বই পাই কিনা সেজন্যই এখানে এসেছি।
কানিজ ফাতেমা নামের আরেকজন বলেন, ফ্রিতে বই নেওয়া যাবে আবার নিজের পড়া কোনো বইয়ের বিনিময়ে বই নেওয়া যাবে বিষয়টি খুব ভালো লেগেছে আমার কাছে। আমার পড়া দুটি বইয়ের পরিবর্তে বই নিয়েছি।
এদিকে আয়োজকরা জানিয়েছেন, বই পড়ার অভ্যাস বাড়াতে এই মেলা সহায়ক হবে। এছাড়াও রাজশাহীতে বড় পরিসরে কোনো বই মেলা হয়না, তাই বই মেলা আয়োজনে বড়দের প্রতি বার্তা দিতেই এই আয়োজন।


