ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় জামায়াতে ইসলামী দলের বিক্ষোভ মিছিল থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করার ঘটনা ঘটেছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বাঘা বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের বাঘা উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
এসময় তারা বর্তমান বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এলাকায় রাজনৈতিক কোন সহিংসতার ঘটনা না ঘটে বা শান্তিপূর্ণ পরিবেশ যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রেখে ঘটনারস্থলে উপস্থিত হয় বাঘা থানা পুলিশ সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ সদস্যদের লক্ষ্য করে হঠাৎ মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করে নেতাকর্মীরা। এ ঘটনায় ৫ জন পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন পথচারী আহত হয়েছেন।
এসময় ঘটনাস্থল থেকে সাত জন জামাত কর্মীকে আটক করে বাঘা থানা পুলিশ।
আটককৃতরা হলেন, আড়পাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে কজির (৩০), হাবাসপুর এলাকার শামসুদিনের শফিকুল ইসলাম (২৫), খায়েরহাটের মৃত মজিবরের ছেলে হাফিজুর রহমান (৪১), জৌতরাঘোব এলাকার রহিম উদ্দিনের ছেলে খোশবুর রহমান (৩৮), জোতনৈশি এলাকার মোহাম্মদ আলীর ছেলে আঃ মান্নাফ (৩০), চন্ডিপুর এলাকার মাজদারের ছেলে নাজির উদ্দিন ও ঢাকা চন্দ্রগাথী এলাকার মৃত আবেদ আলীর ছেলে সেকেন্দার আলী (৬০)।
এবিষয়ে বাঘা থানার ওসির সাজ্জাদ হোসেন বলেন, আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ পাঠায় এবং আমি নিজেও উপস্থিত হয়েছিলাম। মিছিল থেকে পুলিশকে দেখে ইটপাটকেল নিক্ষেপ করায় আমরা ঘটনারস্থল হতে ৭ জনকে আটক করি। আমাদের পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছে ৫ জন। সকলকেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আটকৃতদের আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।


