ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাওয়া রুশ পদাতিক বাহিনীর বিশাল বহর শহরটির পাশে অবস্থান করছে। তারা এখনও কিয়েভে প্রবেশের চেষ্টা চালায়নি।
এরইমধ্যে কিয়েভের চেয়ে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে হামলা বাড়িয়েছে রাশিয়া। তাহলে কি কিয়েভে বড় ধরনের অভিযান শুরুর আগে খারকিভে জয় নিশ্চিত করতে চায় রুশ বাহিনী?
খারকিভ রুশ সীমান্তের কাছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি শহর। শহরটির বিভিন্ন স্থানে রুশ বাহিনী গোলা বর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে। বহু প্রাণহানীর ঘটনা ঘটছে।
রাশিয়া শহরটিতে প্যারাট্রুপারও নামিয়েছে। শহরের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে রুশ বাহিনীর গুলির লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে।
আল জাজিরার খবরে বুধবার বলা হয়, ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, খারকিভে হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
সে তুলনায় কিয়েভে কম আক্রমনের ঘটনা ঘটছে। রাশিয়া কি তাহলে যুদ্ধের কৌশল বদলেছে? কারণ, শুরুতেই তারা কিয়েভে হামলা চালিয়েছিল। কিন্তু সে হামলা বেশ ভালোভাবেই মোকাবেলা করেছে ইউক্রেনের বাহিনী।
এরইমধ্যে রুশ সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা খেরসন শহরের দখল নিয়েছে। কৃষ্ণ সাগরের তীরে খেরসন ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ বন্দরনগরী।


