ধূমকেতু নিউজ ডেস্ক : ‘বড়ভাই হাদিসুর রহমান আরিফের ডাষ্ট এলার্জির সমস্যা ছিল, তাই কখনই ঠাণ্ডা জাতীয় কিছু খেতে পারত না। যদি কখনো ঠাণ্ডা জাতীয় কিছু খেয়েছে, তখনই সমস্যার সম্মুখীন হতো। কিন্তু আজ আমার বড়ভাই হাদিসুর রহমান আরিফ নিজেই তিন দিন ধরে ফ্রিজের ভেতর শুয়ে আছে। ভাইয়া বলেছিল- এবার এসে তোদের ভাবির মুখ দেখাব। ঘরের চাল থেকে পানি পড়ে, তাই নতুন ঘরের কাজ ধরব। কিন্তু সব আশা কেড়ে নিল রাশিয়ার রকেট বোমা। আল্লাহ আমাদের সঙ্গে এমন কেন করল।’
কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলতে বলতে রাশিয়ার রকেট বোমা হামলায় নিহত বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফের ছোটভাই গোলাম মাওলা প্রিন্স অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
আরিফের চাচাতো ভাই মিঠু বলেন, আমরা কিছু চাই না শুধু হাদিসের লাশটা দেন, একবার হলেও ওর মা লাশটা দেখুক।
এর আগে গত বুধবার স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে ইউক্রেনের অলিভিয়া পোর্টে বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে বোমা হামলা চালালে জাহাজে থাকা মেরিন ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফ নিহত হন। তিনি ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। আরিফের নিহতের খবর শোনার পর তার বাড়ি বেতাগীতে চলছে শোকের মাতম।
স্বজনরা জানান, ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন আরিফ। এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ পাওয়া আরিফ চট্টগ্রাম মেরিন একাডেমির ৪৭তম ব্যাচের ছাত্র ছিলেন। লেখাপড়া শেষে আরিফ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি নেন।


