ধূমকেতু নিউজ ডেস্ক : গেল রোজার ঈদে গায়িকা হয়ে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। কণ্ঠ দিয়েছিলেন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি গানে। এবার নায়িকার কণ্ঠে থাকছে সিনেমার গান। গাইবেন ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায়। বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক জাহিদ হোসেন।
তিনি জানান, গানটি নিয়ে ইতিমধ্যে বুবলীর সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি গাওয়ার সম্মতিও দিয়েছেন। কবির বকুলের কথায় গানটির রেকর্ডিং হবে আগামী ডিসেম্বরে।
বুবলীকে দিয়ে প্লেব্যাক করানোর ভাবনা প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, ‘সিনেমায় বেশ কিছু রিচুয়াল গান রয়েছে। শুটিংয়ের সময় ডেমো গান শুনে বুবলীর বেশ ভালো লাগে। তখনই তাকে গানগুলোতে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দিই। এর আগে আমার “মাতৃত্ব” সিনেমার রিচুয়াল গানে মৌসুমী কণ্ঠ দিয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই মনে হলো বুবলীর কণ্ঠে গানগুলো ভালো লাগবে।’
নির্মাতা আরও বলেন, ‘রিচুয়াল গানের সিদ্ধান্তের পর মনে হলো, বুবলীকে দিয়ে একটি পূর্ণাঙ্গ প্লেব্যাক করালে মন্দ হয় না। ইতিমধ্যে তিনি একটি মৌলিক গান গেয়েছেন। সেই ভাবনা বুবলীকে জানালে তিনি সম্মতি জানান। গান তৈরির কাজ প্রায় শেষ। বুবলীর সঙ্গে আলোচনা করে আগামী ডিসেম্বরে রেকর্ড করার পরিকল্পনা করেছি।’
‘ঢাকাইয়া দেবদাস’ নির্মিত হচ্ছে পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতির প্রেক্ষাপটে। নির্মাতা জানান, এটি মূলত প্রেমের গল্পের সিনেমা, যেখানে দুজন মানুষের গল্পের মধ্যদিয়ে উঠে আসবে পুরান ঢাকার ঐতিহ্য। বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এটি এই জুটির চতুর্থ সিনেমা। এতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।
নির্মাতা জানান, আগামী ১৫ জানুয়ারি থেকে পুরান ঢাকায় শুরু হতে যাওয়া সিনেমার নতুন লটের শুটিং দিয়েই আবার ক্যামেরার সামনে ফিরবেন বুবলী।



