ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রযুক্তির ব্যবহার করে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনবছরের সাজা মাথায় নিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (৪২)। তিনি কুসুম্বা ইউনিয়নের বাবুইপাড়া গ্রামের বাসিন্দা। প্রতারণার একাধিক মামলায় আদালত তাঁকে সাজা প্রদান করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলামের বিরুদ্ধে চাকরি দেওয়াসব বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নওগাঁ আদালতে প্রতারণার মামলা করেন ভুক্তভোগীরা। এসব মামলায় আদালত তাঁকে তিনবছরের সাজা প্রদান করেন। মামলার রায়ের আগে থেকেই তিনি পলাতক ছিলেন।
ওসি আরও বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় মান্দা থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল জব্বার অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার সাভার এলাকা থেকে গ্রেপ্তার করে। আজ তাঁকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।


