ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে নির্মিতব্য ভবনের পাইলিংয়ের সময় পাশের সীমানা প্রাচীর ধসে পড়েছে। এসময় প্রাচীরের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ মার্চ) দুপুর ৩ টার দিকে রাজশাহীর চন্দ্রিমা থানাধীন বারো রাস্তার মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। তাদের মধ্যে চারজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজ এখনও চলছে।
ইন্তাজ আলী নামের এক ব্যক্তির বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ চালাছিলেন। এসময় পাশের সীমানাপ্রাচীর উল্টে পড়ে যায় শ্রমিকদের গায়ের উপর। এতে বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন। তাদের মধ্যে ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র রুহুল কুদ্দুস বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, নগরীর চন্দ্রীমা থানাধীন বারো রাস্তার মোড়ে দেয়াল চাপায় একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।


