ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছুরিকাহত শিক্ষার্থী সাফকাত নায়েম নাফী’র চিকিৎসায় সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।
রোববার (১৩ মার্চ) বিকেলে উপাচার্য ভবন লাউঞ্জে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর এম মজিবুর রহমানের নিকট চেক হস্তান্তর করেন এবং তিনি নায়েমের আশু সুস্থতা কামনা করেন।
চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, প্রক্টর প্রফেসর আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল ইসলাম ও ড. মনিরা জান্নাতুল কোবরা।
প্রসঙ্গত, বুধবার রাত প্রায় ১২টায় রাবি ক্যাম্পাস সংলগ্ন আমজাদের মোড় এলাকায় এনআর ছাত্রাবাসে দুর্বৃত্তদের দ্বারা সাফকাত নায়েম নাফী ছুরিকাহত হয়। সে পদার্থবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী, বর্তমানে ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে।


