ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহিদুল ইসলাম সোনাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেপাড়া গ্রামের বাসিন্দা।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, ভুক্তভোগী এক ব্যক্তি নওগাঁ আদালতে আসামি শহিদুল ইসলামের বিরুদ্ধে চেক ডিজঅনারের একটি মামলা করেন। এ মামলায় আদালত তাঁকে দুই মাসের কারাদন্ডসহ অর্থদন্ডের রায় দেন।
ওসি আরও বলেন, সাজার পর থেকে আসামি শহিদুল ইসলাম ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি বাড়ি ফিরে আসেন।
তিনি আরও বলেন, এ অবস্থায় রোববার রাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল জব্বারসহ সঙ্গীয় ফোর্স। সোমবার তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।


