ধূমকেতু প্রতিবেদক : গুণী মানুষদের সম্মাননা দিয়েছেন বাংলাদেশ লেখিকা সংঘ, রাজশাহী। প্রতিবছরের মতো এবছর ছড়া, কবিতা, শিক্ষা, শিল্প, সাহিত্য, সমাজসেবা ইত্যাদি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৬ জন গুনীব্যক্তিকে সম্মাননা দেয়া হয়।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টায় রাজশাহী নগরীর মতিহারের চৌদ্দপাই-এ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া সেখানে বাংলাদেশ লেখিকা সংঘ, রাজশাহীর ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘শব্দবৃক্ষে জোসনাফুল’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
এবারে সংবর্ধিত গুণীজনদের মধ্যে রয়েছেন বিশিষ্ট ছড়াকার, কবি, ফ্রিল্যান্স আর্টিস্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং কবিকুঞ্জের অন্যতম উপদেষ্টা এমএ কাইউম। কবি ও ছড়াকার নার্গিস আফরোজ বানু, রাজশাহী বরেন্দ্র কলেজের শিক্ষক কবি ও গল্পকার জাকিয়া তরফদার, রাজশাহী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. নাজনীন সুলতানা, বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের নিয়মিত অনুষ্ঠান গ্রন্থকার, নাট্যশিল্পী ও আবৃত্তিকার ড. রুমি শাইলা শারমিন এবং নাট্যকার ও সাংবাদিক ইরা জেনিথ।
অনুষ্ঠানে তাদেরকে সম্মাননা স্মারক প্রদান, সনদ ও ফুলের শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘শব্দবৃক্ষে জোসনাফুল’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক।
বিশেষ অতিথি ছিলেন, কবি রুহুল আমিন প্রামাণিক, প্রধান আলোচক ছিলেন প্রফেসর ড. অনীক মাহমুদ এবং আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক ড. শিখা সরকার।
সভাপতিত্ব করেন বইয়ের সম্পাদক অধ্যাপক রাশেদা খালেক।
বাংলাদেশ লেখিকা সংঘ রাজশাহীর সভাপতি অধ্যাপক রাশেদা খালেক বলেন, বৈশি^ক মহামারি করোনার কারণে গত দুই বছর আমরা গুণীজন সম্মাননাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে না পেরে দুঃখ প্রকাশ করছি। তবে প্রতিবছরের ন্যায় এবছরও শিক্ষা, শিল্প, সাহিত্য ও সমাজসেবা ইত্যাদি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৬ জন গুণীব্যক্তিকে সম্মাননা জানাতে পেরে লেখিকা সংঘ আনন্দিত।
তিনি বলেন, গুণীজনদের সম্মননা জানানো দরকার। কারণ যে দেশে গুণীজনদের সম্মান করা হয় না, সেদেশে গুণীজন জন্মায় না। তাই সম্মাননাপ্রাপ্ত গুণীজনদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন।


