ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৩ এপ্রিল) নগরীর মতিহার থানাধীন তালাইমারী রুয়েট গেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো, রাজশাহীর মতিহার থানার বাজে কাজলা গ্রামের মৃত সুজনের ছেলে টিপু (২৭), কাটাখালী থানার সাহাপুর ডুবে পাড়ার মোতালেবের স্ত্রী শম্পা (৩০) ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার নাজিরপুর বেজুয়া গ্রামের বাদশাহ মিয়ার ছেলে দুলাল (২৫)।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার আরেফিন জুয়েল জানান, রোববার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় তার তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মশিয়ার রহমান, এসআই এএসএম সাইদুজ্জামান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজশাহী মহানগরীর মতিহার থানার তালাইমারী রুয়েট গেটের সামনে কয়েক জন মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
এমন সংবাদের প্রক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সন্ধ্যা সোয়া ৭ টায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী টিপু (২৭), শম্পা (৩০) ও দুলাল (২৫)কে গ্রেপ্তার করে। এসময় আসামীদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


