ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে আত্মসমর্পণকারী চরমপন্থীদের মধ্যে বুধবার (৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই অনুদান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। এ সময় আত্মসমর্পণকারী ৫৭ জন চরমপন্থী সদস্যকে ৫৫ লাখ টাকার অনুদান দেওয়া হয়।
উপস্থিত আত্মসমর্পণকারীদের উদ্দেশে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, প্রধানমন্ত্রী আপনাদের স্বীকৃতি দিয়েছেন। তিনি আপনাদের দায়িত্ব নিয়েছেন। আপনাদের দায়িত্ব নিয়েছেন বলেই পবিত্র রমজান মাসে আপনাদেরকে আর্থিকভাবে সহায়তা করছেন।
জেলা প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বাংলাদেশে কেউ না খেয়ে থাকবে না। কারও খাদ্যের অভাব থাকলে আমাদেরকে জানান প্রয়োজনে আমরা প্রতিটি বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেবো।
আত্মসমর্পণকারী চরমপন্থীদের মধ্যে বাগমারা উপজেলার আবদুর রাজ্জাক বাবু ওরফে আর্ট বাবু বলেন, ‘২০১৯ সালের ৯ এপ্রিল প্রধানমন্ত্রীর আহŸানে সাড়া দিয়ে রাজশাহীতে আত্মসমর্পণের মধ্যদিয়ে চরমপন্থী পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনর্বাসনের জন্য ৫৫ লাখ টাকা অনুদান দিয়েছিলেন। এই টাকা দিয়ে জমি কিনে প্রাথমিকভাবে আমরা প্রকল্প শুরু করবো। প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) রাজশাহীর যুগ্ম পরিচালক সানোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম প্রমুখ।


