ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ও চকপাড়া সীমান্তে ৫৯ বিজিবি সদ্যসরা পৃথক অভিযান চালিয়ে ২১ লক্ষ ১ হাজার ৮’শ টাকা মূল্যের ৭ হাজার ৬ পিচ ইয়াবাসহ আব্দুল কুদ্দুস (২৬) নামে এক যুবককে আটক করেছে।
আটককৃত যুবক হচ্ছে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচকপাড়ার মোল্লাটোলা গ্রামের একবর আলীর ছেলে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে নামোচকপাড়া ও ভোর রাতে বাটুলপাড়ায় পৃথক অভিযান চালায় বিজিবি সদস্যরা।
৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আমীর হোসেন মোল্লা জানান, বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে হাবিলদার সেলিম পারভেজের নেতৃত্বে সোনামসজিদ বিওপির টহল দল বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় পৌনে ৩টার দিকে সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচকপাড়ার মোন্নাটোলা গ্রামের আটককৃত যুবকের বাড়িতে অভিযান চালিয়ে ৫ হাজার ২’শ পিচ ইয়াবাসহ আটক করে।
যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ ৬০ হাজার টাকা।
অপরদিকে, চকপাড়া বিওপির নায়েব সুবেদার নুরুল ইসলামের নেতৃত্বে ভোর রাত সোয়া ৪টার দিকে সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ২’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল দেয়ার সময় বাটুলপাড়া নামক স্থানে এক চোরাকারবারীকে দেখতে পায়।
এসময় টহল দল তাকে ধাওয়া করলে ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহল দল উক্ত স্থানে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ভারতীয় ১৮০৬ পিচ ইয়াবা জব্দ করে। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ৪১ হাজার ৮’শ টাকা।


