ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বিপুল পরিমানে ভেজাল পানীয় ও যৌন উত্তেজক সিরাপসহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত হলো রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান পূর্বপাড়া মৃত কোবাত আলীর ছেলে আব্দুল হামিদ খান সুজন (৪৫)।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ, এসআই নুরন্নবী হোসেন ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। ডিবি পুলিশের ঐ টিম বিকেল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার হড়গ্রাম নিউমার্কেটের এক দোকানে বিভিন্ন প্রকার ভেজাল যৌন উত্তেজক সিরাপ বিক্রি করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ বিকেল সোয়া ৪ টায় হড়গ্রাম নিউমার্কেট সুমাইয়া এন্টারপ্রাইজ দোকানের মালিক আসামী সুজনকে আটক করে। এসময় তার কাছ থেকে ২,২০,০০০ টাকা মূল্যের ভেজাল পানীয় ও সিরাপ উদ্ধার হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, ভেজাল পানীয় ও সিরাপগুলি বেলাল ও রাজ আহম্মেদ রনির কাছ থেকে সংগ্রহ করে বিক্রি করতো। পলাতক আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


