ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ডিবি পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০২ বোতল অ্যালকোহল, ২০১ পিচ ইয়াবা, ৫১ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় মাদক বিক্রয়ের অর্থসহ মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শুক্রবার রাত পৌনে ১১ টা থেকে ১২ টার পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার মহানন্দখালী মধ্যপাড়া গ্রামের মৃত তোজাম্মেল হোসেনের ছেলে তাহেরুল ইসলাম টিটন (৫৫) ও বোয়ালিয়া মডেল থানার বখতিয়ারবাদ মালদা কলোনীর বাবলু শেখের ছেলে বাবু (৩২)।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শুক্রবার (১৫ এপ্রিল) রাত পৌনে ১১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই মাহফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, এয়ারপোর্ট থানার মহানন্দখালী এলাকায় হোমিও ঔষধের দোকানে একজন অ্যালকোহল বিক্রয় করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত ১১ টায় ঘটনাস্থল হতে হোমিও ঔষধ দোকানী তাহেরুলকে আটক করে। এসময় তার কাছ থেকে ২০২ বোতল অ্যালকোহল উদ্ধার হয়।
ডিবি পুলিশের অপর একটি টিম শুক্রবার (১৫ এপ্রিল) ২০২২ রাত্রী ১২ টায় রাজপাড়া থানার তেরখাদিয়া মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করে আসামী বাবুকে আটক করে। এসময় আসামীর কাছ থেকে ২০১ পিচ ইয়াবা ও ৫১ গ্রাম হেরোইন উদ্ধার হয়। এসময় মাদক বিক্রয়ের অর্থসহ মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


