ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর ছাত্রলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ মে) রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে সম্মেলনের মাধ্যমে শক্তিশালী করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশ ও দল চালাচ্ছেন, আমরা যদি নিজেদের মধ্যে বিভাজন না করি তাহলে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমাদের কেউ হারাতে পারবে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আমাদের বিজয়ী হতে হবে।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম।
মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
আরও বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সৈয়দ শাহাদত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।


