ধূমকেতু নিউজ ডেস্ক : দিনাজপুরের চিরিরবন্দরে মাজিদুর রহমান মাজেদ (৩৪) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। চিরিরবন্দর উপজেলার আমতলী বাজারে সোমবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মাজিদুর রহমান মাজেদ দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আজিমুল ইসলামের একমাত্র সন্তান ও শেখপুরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে আমতলী বাজারে সাত থেকে আটজন দুর্বৃত্ত মাজেদুরকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালে রাখা আছে।
ওসি বলেন, ঘটনাস্থল থেকে পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এর মধ্যে একটি মাজেদুরের ও বাকি চারটি হামলাকারীদের বলে জানা গেছে। একটি প্রাইভেট কারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে পুলিশ রাত থেকেই জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।
নিহত মাজেদের মামা মুক্তার হোসেন বলেন, মাজেদুর অত্যন্ত সহজ সরল ছিলেন। তার একমাত্র কন্যা সন্তান রয়েছে তার বয়স দুই বছর। তিনি হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
শেখপুরা ইউনিয়ন চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি এজাহার দেয়া হচ্ছে পরিবারের পক্ষ থেকে পুলিশ সুষ্ঠু তদন্ত করে খুনিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবে এমন দাবি করছি।


