ধূমকেতু নিউজ ডেস্ক : মুন্সিগঞ্জ সিরাজদিখানে খালের পাশ থেকে আরশাদ মন্ডল (৪৫) নামে এক অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে সিরাজদিখান-ইছাপুরা সড়কের লালবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আরশাদ মন্ডল টংগীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়নের খিলপাড়া গ্রামের মিনহাজউদ্দিন মন্ডলের ছেলে।
নিহতের ছোট ভাই মো. নাছির বলেন, আমার বড় ভাই আরশাদ মন্ডল শুক্রবার বিকাল ৫টায় বাসা থেকে গাড়ি নিয়ে ভাড়ার জন্য বের হন। সারারাত তিনি বাসায় ফেরেননি। আমরা ভেবেছিলাম তিনি সারারাত গাড়ি চালিয়েছেন। সকাল ১০টায় খবর পায় সিরাজদিখান লালবাড়ি এলাকায় একটি লাশ পাওয়া গেছে। খবর পেয়ে লালবাড়ি এসে রাস্তার পাশে খালের পাড়ে পড়ে থাকা আমার ভাইয়ের লাশ শনাক্ত করি।
নাছির বলেন, পনেরো দিন আগে ২ লাখ টাকা দিয়ে নতুন অটো কিনেছেন আমার ভাই। আমিও অটোচালকের কাজ করি। আমার ধারণা, অটো নেওয়ার জন্যই আমার ভাইকে হত্যা করেছে।
সিরাজদিখান থানার ওসি মো. মিনহাজুল হক বলেন, আরশাদ মন্ডলকে কে বা কারা, কী কারণে হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


