ধূমকেতু প্রতিবেদক, রাবি : ক্যাম্পাসে গাঁজা সেবনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের আটককৃত চার নেতার মধ্যে দু’জনকে দলীয় পদ স্থগিত ও অন্য দু’জনকে শোকজ করা হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃঙ্খলা ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে যুক্ত থাকায় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত শহীদ ড. শামসুজ্জোহা হল ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক আরিফ বিন সিদ্দিক ও জিয়া হল ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম এর দলীয় পদ স্থগিত করা হলো এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর বহিষ্কারের সুপারিশ করা হলো।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একই সাথে শের-ই বাংলা হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান এর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণ সহ লিখিত জবাব আগামী ২ কার্যদিবসের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দপ্তর সেলে জমা দিতে নির্দেশ প্রদান করা হলো।


