ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘায় মাদকসহ র্যাবের হাতে ধরা পড়েছে এখলাস মন্ডল (৪০) ও তার স্ত্রী জুলি খাতুন (২৩)।
বৃহস্পতিবার (২৭ জুলাই) উপজেলার আলাইপুর (মন্ডলপাড়া) এলাকায় র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান চালিয়ে বাড়ীতে মজুত অবৈধ মাদকদ্রব্য ১০০ গ্রাম হেরোইন ও ৯৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করে। এখলাস মন্ডল উপজেলার আলাইপুর (মন্ডলপাড়া) গ্রামের মৃত মোবারক মন্ডলের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, এখলাস মন্ডল বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেট মজুদ রেখে বিক্রী করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে তাদের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে বাঘা থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সবুজ রানা।


