ধূমকেতু প্রতিবেদক : উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে ও এইড ফাউন্ডেশন এর সহযোগিতায় লফস ঘোরামারাস্থ কার্যালয়ে দেশব্যপী তামাক নিয়ন্ত্রন আইন লঙ্ঘন : সিগারেট কোম্পানি বেপরোয়া শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সোমবার (২১ আগস্ট) সংবাদ সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন এইড ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা আবু নাসের অনিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, লফস এর নির্বাহী কমিটির সদস্য সেকেন্দার হোসেন ও প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন।
সংবাদ সম্মোলনে তামাক নিয়ন্ত্রণ আইনের ধারা-৫ এ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে যা তুলে ধরা হয়। দেশের তামাক কোম্পানীগুলো আইন ভঙ্গ করে নানা অপকৌশলের আশ্রয় নিয়ে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং বিক্রেতাদের উৎসাহিত করছে। আইন অনুসারে নিষিদ্ধ এ সকল বিজ্ঞাপন অপসারণকালে তামাক কোম্পানীর প্রতিনিধি এবং তাদের লোকজন নানা ভাবে হুমকি প্রদান করে। আইন লঙ্ঘণের পাশাপাশি তারা নানানভাবে বিদ্যমান আইনটির সংশোধনী প্রক্রিয়ার বিরোধীতা করছে।
তামাক কোম্পানীর আকর্ষণীয় বিজ্ঞাপনের মূল লক্ষ্য হলো কিশোর ও তরুণেরা যারা এখনো ধূমপান করতে শুরু করেনি। তারা তরুণদের হাতে এই প্রাণঘাতি পণ্যটি তুলে দিতে চায়। জনগণের সুরক্ষার জন্যই তামাকনিয়ন্ত্রণ আইনে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করা হয়েছে কিন্তু তামাক কোম্পানির প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় ‘বিক্রয়কেন্দ্র’ গুলোতে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণার পাশাপাশি বিক্রেতাদেরকে‘ পার্টনার’ হিসেবে চুক্তিবদ্ধ করে আর্থিক প্রণোদনা দিচ্ছে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ও জনবহুল এলাকায় তামাকের বিজ্ঞাপন, প্রচারণার হার বেশি লক্ষ করা যাচ্ছে। বিক্রয় কেন্দ্রগুলোতে ব্রান্ডিং রং ও লোগো ব্যবহার, ষ্টিকার প্রদর্শন ও বিতরণ, মূল্য তালিকা প্রদর্শন, সিগারেটের ডামি প্যাকেট ও খালি প্যাকেট সাজিয়ে রাখা সহ নানা অভিনব ও আকর্ষণীয় উপায়ে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি আইনে তামাকজাত দ্রব্যের কার্টনে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী প্রদানের বাধ্য বাধকতা থাকলেও তারা সিগারেটের কার্টনে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী প্রদান করছেনা।
সিগারেট সরবরাহের বাহন সমূহের (ভ্যান, পিকাপ ভ্যান) তারা সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শন করছে। আইনে অপ্রাপ্ত বয়স্কদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ হওয়া স্বত্ত্বেও বিক্রেতারা শিশু-কিশোরদের কাছে অবাধে সিগারেট বিক্রি করছে। বিজ্ঞাপন, প্রচারণা, সিগারেটের কার্টনে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী প্রদাননা করা, সিগারেটের ক্রেতা বিক্রেতাদের উপহার সামগ্রী প্রদান, বিনামূল্যে সিগারেট বিতরণ, শিশু-কিশোরদের কাছে সিগারেট বিক্রি তামাক নিয়ন্ত্রণ আইনের সুস্পষ্ট লংঘন এবং এসব কাজেও তামাক কোম্পানীর সরাসরি সংযোগ রয়েছে।
এছাড়া নাটক, সিনেমায় জনপ্রিয় অভিনয় শিল্পীদের ধূমপান প্রদর্শন বেড়েছে আশঙ্কাজনক হারে। বর্তমানে ওটিটি (OTT) প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গতানুগতিক ধারার বাইরে গিয়ে নির্মিত ওয়েব সিরিজগুলো তরুণদের মাঝে অধিক জনপ্রিয়। এ সুযোগে ওটিটি (OTT) প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণদের মধ্যে ধূমপানসহ তামাকজাত দ্রব্যের ব্যবহারের দৃশ্য দেখানো হচ্ছে যা তাদের ধূমপানে উৎসাহিত করছে। বিদ্যমান আইনের উল্লেখযোগ্য সংশোধন ও সংযোজন হচ্ছে- পাবলিক প্লেস, পরিবহনের আওতাবৃদ্ধি ও এ সকল স্থানে সব ধরনের তামাকজাত দ্রব্য সেবন নিষিদ্ধ, জরিমানা বৃদ্ধি এবং এসব স্থানে আলাদা ভাবে‘ ধূমপানের স্থান’ না রাখা। তামাক কোম্পানির‘ সিএসআর’ কর্মকান্ড নিষিদ্ধ। বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্য দৃষ্টির আড়ালে রাখা। খোলা ও খুচরা এবং ভ্রাম্যমাণ তামাক বিক্রয় নিষিদ্ধ।
শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্যের দোকান না রাখা। তামাকজাত দ্রব্য বিক্রয়ে লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করা। তামাকপণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী ৯০% করা। ই-সিগারেটবা ভেপিংয়ের আমদানি, উৎপাদন, বিক্রয়, বিপণন ও ব্যবহারনিষিদ্ধ করা উল্লেখযোগ্য বিষয়গুলো সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
সংবাদ সম্মোলনে বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র রিপোর্টার ড. আইনুল হক, নতুন প্রভাত এর ফটো সাংবাদিক গুলবার আলী জুয়েল, ধূমকেতু নিউজ এর স্টাফ রিপোর্টার ফায়সাল মোহাম্মদ শিশির, দৈনিক বার্তার ফটো সাংবাদিক মিলন শেখ, দৈনিক সোনার দেশ এর ফটো সাংবাদিক শাহিন খান, দৈনিক সানশাইন এর ফটো সাংবাদিক সামাদ খানসহ লফস এর প্রোগ্রম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল ও প্রশিক্ষক রাকিবুল ইসলাম পরশ প্রমুখ উপস্থিত ছিলেন।


